ঢাকা | বঙ্গাব্দ

উজিরপুরে ভূমি অফিসে ভিডিও করায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
উজিরপুরে ভূমি অফিসে ভিডিও করায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার হুমকির অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর

বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নিয়মবহির্ভূত লেনদেন ও ঘুষ দাবির প্রমাণ সংগ্রহ এবং ভিডিও ধারণ করার জেরে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও হত্যার হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত শনিবার (১৭ অক্টোবর) উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উজিরপুর মডেল থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মিরাজ হোসেন।

লিখিত অভিযোগে মিরাজ হোসেন জানান, তিনি উজিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে কম্পিউটারের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার নিকটাত্মীয়দের নামজারি ও মিউটেশনের কাজের জন্য ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী সুরাইয়া খানমের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কাজটির অগ্রগতি জানতে অফিসে গেলে তাকে একাধিকবার ঘুরানো হয় এবং একপর্যায়ে টাকা দাবি করা হয়। মিরাজের দাবি, কাজ সম্পন্ন করার জন্য কয়েক দফায় টাকা দেওয়ার পরও তার কাজটি আটকে রাখা হয়। পরবর্তীতে অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান করলে পুনরায় যোগাযোগ করা হলে আবারও টাকা ছাড়া কাজ হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এমনকি আরও বেশি টাকা দাবি করে তা অফিসের অস্থায়ী গাড়িচালক রাসেল মৃধার কাছে জমা দিতে বলা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিরাজ পূর্বে টাকা দেওয়ার প্রমাণ রয়েছে জানালে সার্টিফিকেট সহকারী সুরাইয়া খানম তা দেখতে চান। এরপর মিরাজ তার মোবাইল ফোনে সংশ্লিষ্ট প্রমাণাদি পাঠান। এতে ক্ষিপ্ত হয়ে সুরাইয়া খানম ও গাড়িচালক রাসেল মৃধা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। পরবর্তীতে এ বিষয়ে কথা বলার জন্য মো. আজিজুল সিকদার নামের এক ব্যক্তির মাধ্যমে মিরাজকে ডেকে দলিল লেখক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজের চেম্বারে নেওয়া হয়। অভিযোগ মতে, সেখানে গাড়িচালক রাসেল মৃধা ও দলিল লেখক সবুজ তাকে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন চালান। একই সঙ্গে ধারণ করা প্রমাণ ও ভিডিও ফুটেজ মুছে ফেলার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে নিরুপায় হয়ে অভিযুক্তদের কাছে ক্ষমা চেয়ে রক্ষা পান ওই ব্যবসায়ী। আইনগত প্রতিকার চেয়ে জমা দেওয়া লিখিত অভিযোগের সঙ্গে ধারণকৃত ভিডিও ফুটেজ ও ছয়টি স্থিরচিত্র সংযুক্ত করেছেন ব্যবসায়ী মিরাজ হোসেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী সুরাইয়া খানম বলেন, “আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। আমি এর লিখিত জবাব দেব। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারব না।” তবে গাড়িচালক রাসেল মৃধা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “আমি ওই ভিডিওতে নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে। ওই ব্যবসায়ী বিভিন্ন সময়ে আমাদের অফিসে নামজারির দালালি করতে আসেন।” এ ব্যাপারে উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানম বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ হাতে পেয়েছেন এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলের হামলা, নিহত