নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ফরিদপুরে পূর্বশত্রুতার জেরে দেলোয়ার নামের এক যুবককে অপহরণের পর নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। রাতে তাঁকে বিলের ধার থেকে হাত-পা বাঁধা এবং দুই চোখ ওপড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভুক্তভোগী দেলোয়ার সংবাদকর্মীদের কাছে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, তাঁর বাড়ির ওপর দিয়ে ইন্টারনেট সংযোগ স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আলমগীরের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়েছিল।
ওই ঘটনার সূত্র ধরেই কিছুদিন আগে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পাশাপাশি একটি হাত ভেঙে দেয় বলে তিনি অভিযোগ করেন।
আহত দেলোয়ার আরও জানান, ওই হামলার ঘটনার পর তিনি নিজেই বাদি হয়ে ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করেন।
পূর্বশত্রুতার এই জেরে তাঁকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন দেলোয়ার। নির্যাতনের একপর্যায়ে তাঁর দুই চোখ উপড়ে ফেলা হয়।
পাশাপাশি তাঁর শরীরের ডান পা ও বাম হাত ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাঁকে রাতের আঁধারে একটি বিলের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর