নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা রাকসু নির্বাচনের নির্দিষ্ট তফসিল অবিলম্বে ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি রাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে, তবে তাদের পেছনে কোনো গোপন স্বার্থ লুকিয়ে আছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ তৈরি হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট পক্ষ ক্যাম্পাসে নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতেই মূলত এই নির্বাচন বানচাল করতে চায়। তবে সাধারণ শিক্ষার্থীরা সবসময় যেকোনো ধরনের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
তাদের এই আন্দোলন সম্পূর্ণ ন্যায্য বলে দাবি করে জানানো হয়, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিতে যাওয়া হবে এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অধিকার আদায় ও নেতৃত্ব বিকাশের ধারা নিশ্চিত করবে।
এই বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন ইতিহাস বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মো. মুস্তাকিম। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ দীর্ঘ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং কাঙ্ক্ষিত মানে না পৌঁছালেও শিক্ষার্থীরা অন্তত তাদের অনুভূতি, চিন্তা ও অধিকার প্রকাশের একটি ঠিকানা হিসেবে রাকসু ভবনকে ব্যবহার করতে পারছে।
বর্তমান ক্যাম্পাসে একটি মনোরম ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এরপরও কেন নির্বাচিত রাকসু কার্যক্রম শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে না।
প্রশাসনের দপ্তরে বারবার লিখিত নোটিশ পাঠানো সত্ত্বেও কোনো ধরনের সদুত্তর বা সাড়া মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন এই শিক্ষার্থী।
বাইরের কোনো মহলের অদৃশ্য চাপ কিংবা অন্য কোনো নেপথ্য কারণে রাকসুর কার্যক্রম আটকে রাখা হয়েছে কি না, সেই বিষয়টি প্রশাসনকে পরিষ্কার করার দাবি জানান তিনি।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর