ঢাকা | বঙ্গাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক ছবির ক্যাপশন: জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক
ad728

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে এ সেবায় কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিসিকের স্বাস্থ্য শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণের ক্ষেত্রে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার নির্ধারিত ফি অনুযায়ী দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে সদাচরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকসেবা সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করাই আমাদের লক্ষ্য।সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্ম নিবন্ধনের আবেদন সংশ্লিষ্ট ব্যক্তিকেই করতে হবে। আর ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে আবেদন করবেন তাদের আইনগত অভিভাবক। স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।

তিনি আরও জানান, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সরকার নির্ধারিত ফি ২৫ টাকা এবং ৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ৫০ টাকা। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য নির্ধারিত ফি ১০০ টাকা।

প্রবাসীদের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন করা উচিত। তবে বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আবেদন করলে তা বিবেচনা করা হবে। এছাড়া মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে আইনগতভাবে গ্রহণযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতেই সনদ প্রদান করা হবে।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন এলাকার স্থায়ী বাসিন্দা অথবা সিসিক এলাকায় জন্মগ্রহণকারী ব্যক্তিরাই সিলেট সিটি করপোরেশন থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের সময় টিকাকার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। সিসিকের আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন ওয়ার্ডের বাসিন্দারা সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকেই আবেদন করতে পারবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) সুমন চন্দ্র দাশ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সিলেটে স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করতে চায় সেলফ্লেস ইউকে

এদিকে, বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফ্লেস ইউকে-এর ১০ সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল।

এ সময় তারা সিলেট নগরবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে সিলেট সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।সিসিক প্রশাসক চিকিৎসকদের স্বাগত জানিয়ে বলেন, দেশের পাশাপাশি বিদেশি চিকিৎসক ও মানবিক সংগঠনগুলোর অংশগ্রহণ সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেলফ্লেস ইউকের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি বলেন, সিটি করপোরেশন নাগরিকদের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প, সচেতনতামূলক কার্যক্রম এবং বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ করা সম্ভব।

সাক্ষাৎকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

চিকিৎসক প্রতিনিধি দলে ছিলেন ডা. বারিদা পই, ডা. এলিসিয়া জ্যাকসন, ডা. নাওমি পটস, ডা. আন্নাহ ফারওয়া, ডা. আমিনা চৌধুরী, ডা. আমনা ইমরান, ডা. অশ্বিনদার গুগনানি, ডা. কাওলান ইরেনাচ, ডা. নাঈম আহমদ ও ডা. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন সেলফ্লেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুস সামাদ চৌধুরী।



নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: না ফেরার দেশে ৫ জন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: না ফেরার দেশে ৫ জন