পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আট আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড এবং বরাদ্দ দেওয়া দুটি প্লট বাতিলের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জেলা জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামিম হোসেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক ও রেজাউল করিম তরফদার। এ ছাড়া প্লটগ্রহীতা শওকত আজীজ ও আশফাক আজীজ রয়েছেন দণ্ডপ্রাপ্তদের তালিকায়।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে বৈধ আবেদনকারীদের বঞ্চিত করে প্রতারণার আশ্রয় নেন। জামানত প্রত্যাহার এবং আবেদন বাতিল হওয়ার পরও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে দুই ব্যক্তিকে মোট ১০ কাঠা আয়তনের দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর