নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে চার ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এর ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় খেলতে পারবেন না তিনি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই বারবার বর্ণবিদ্বেষের শিকার হওয়া এই ফরোয়ার্ডের প্রশংসা করে রিয়াল বস হোসে মরিনহো বলেছেন, স্প্যানিশ ফুটবলে তিনি তার প্রাপ্য সম্মান পাননি।
মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ সম্মেলনে মরিনহো জানান, তিনি যদি ভিনিসিয়ুস হতেন, তবে স্পেন ছেড়ে চলে যেতেন। ভিনিসিয়ুসের প্রশংসা করে তিনি বলেন, ও অসাধারণ একটা ছেলে। ওর সঙ্গে সহজেই ভালো সম্পর্ক তৈরি করা যায়। ও দারুণ একজন মানুষ। এত কিছুর পরেও ও যে ভাবে নিজেকে সামলে রেখেছে, সব পরিস্থিতির সঙ্গে লড়াই করছে এবং মুখে হাসি ধরে রেখেছে, তার জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে।
নিজের অবস্থান স্পষ্ট করে মরিনহো আরও বলেন, আমি যদি ওর জায়গায় থাকতাম, তা হলে সম্ভবত আর এখানে থাকতাম না। গত গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার জন্য জোর দিতাম। এমন কোনো লিগে বা দেশে চলে যেতাম, যেখানে প্রতিপক্ষের ক্লাব এবং তাদের সমর্থকরা ওকে সম্মান করে।
তার মানসিক শক্তির প্রশংসা করে রিয়াল কোচ যোগ করেন, ও মানুষ, তাই অন্যদের আচরণ ওর উপর নেতিবাচক প্রভাব ফেলতেই পারে। কিন্তু কেউ ওর বেঁচে থাকার আনন্দ, ফুটবল খেলার আনন্দ কিংবা সতীর্থদের সঙ্গে সময় কাটানোর আনন্দ কেড়ে নিতে পারবে না। রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা এবং পরিস্থিতি বদলানোর আশা থেকেই ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনিসিয়ুস।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর