নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখার জেরে মনিরুল হক ফরাজি নামের এক বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই প্রাণ বাঁচাতে গাড়ি ফেলে পালিয়ে আসতে বাধ্য হন অপর বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন।
বর্তমানে শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে নিরাপদে অবস্থান করছেন। পুরো ঘটনাটি ইতিমধ্যে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
দলীয় উদ্যোগেও অপহৃত নেতাকে নিরাপদে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। একটি বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছেন যে তাঁদের ব্যবহৃত গাড়িটি রাস্তার একপাশে পড়ে রয়েছে, তবে তাঁরা এখনো পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেননি।
এই অপহরণের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম। শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমেই তাঁরা মনিরুল হক ফরাজিকে অপহরণের এই গুরুতর সংবাদটি জানতে পেরেছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর জন্য সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেছেন জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম। তিনি আরও যোগ করেন যে, তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং প্রশাসনকে বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর