নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে নিজেদের মেলে ধরেছেন জাকির হাসান, মোহাম্মদ মিঠুন ও সৈকত আলী। এছাড়া ঘরোয়া এই আসরে টানা ষষ্ঠ ম্যাচে ফিফটি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন মিম মোসাদ্দেক।
রাজশাহীতে মুখোমুখি হয়েছে ঢাকা ও খুলনা বিভাগ। ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হলেও এখনো শেষ হয়নি দ্বিতীয় ইনিংসের লড়াই।
খুলনা দল আগের দিন ২ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করলেও তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৪৩৮ রান।
এর আগের দিন তাইবুর রহমানের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ৫১৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা বিভাগ।
দলের এই ইনিংসে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খুলনা অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি খেলেছেন ১৮২ রানের অনবদ্য এক ইনিংস।
বাংলাদেশের জার্সিতে ১০টি টেস্ট খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যান নিজের ১৫০তম প্রথম শ্রেণির ম্যাচে এসে তুলে নেন এই সংস্করণে নিজের ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি।
এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে লড়াই চালিয়ে যাচ্ছে বরিশাল বিভাগ।
ময়মনসিংহের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মোটে ১৫৬ রানে গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়েছিল বরিশাল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে তারা ৩ উইকেট হারিয়ে করেছে ১৪৪ রান।
ময়মনসিংহের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে দলটি এখনো ৮৬ রানে পিছিয়ে রয়েছে। বরিশালের পক্ষে ওপেনার জাওয়াদ আবরার ৮৩ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
অন্যদিকে বগুড়ায় ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছ সিলেট বিভাগ। তারা প্রতিপক্ষ রাজশাহী বিভাগকে জয়ের জন্য ৪৬৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে।
এই রান তাড়া করতে নেমে রাজশাহী দল তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে মাত্র ৬৩ রান তুলতে পেরেছে। সিলেটের সফল বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ একাই শিকার করেছেন ৩টি উইকেট।
এর আগে বিনা উইকেটে ৬৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল সিলেট। পরবর্তীতে তারা ৪ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করার পর নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
সিলেটের দুই ওপেনার মাজহারুল হক মাজেদ ৫৪ এবং মুবিন আহমেদ ৪৬ রান করেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০৪ রান এবং মাত্র ২ রানের ব্যবধানে দুজনই সাজঘরে ফেরেন।
এরপর দলের ইনিংসে দায়িত্ব নেন সৈকত আলী ও অধিনায়ক জাকির হাসান। তৃতীয় উইকেটের জুটিতে এই দুজন মিলে যোগ করেন অনবদ্য ১৯৮ রান।
এই জুটির দুই ব্যাটারই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন। সৈকত আলী ১১৮ বল মোকাবিলা করে ৭টি ছক্কার সাহায্যে ১০৮ রানের ইনিংস খেলেন।
অন্যদিকে জাকির হাসান ১১১ বলে ২ ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি জাকিরের ১৮তম এবং সৈকতের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
খুলনায় অনুষ্ঠিত আরেক ম্যাচে রংপুরের বিপক্ষে নিজেদের আধিপত্য বজায় রেখেছে চট্টগ্রাম বিভাগ। তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ১৩০ রান।
চট্টগ্রামের প্রথম ইনিংসের রানসংখ্যার চেয়ে তারা এখনো ১১১ রানে পিছিয়ে আছে। রংপুরের ব্যাটার মিম মোসাদ্দেক ৫৮ এবং অভিষিক্ত স্যামস নিলয় ৫০ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
চলতি জাতীয় লিগে এটি মিমের টানা সপ্তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। টুর্নামেন্টের প্রতি ম্যাচেই অন্তত একবার করে ফিফটি করার কীর্তি গড়লেন এই ওপেনার।
এর আগে চট্টগ্রাম দল ৫ উইকেটে ৩০৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে এবং শেষ পর্যন্ত তাদের প্রথম ইনিংস থামে ৪০৭ রানে।
সূত্র: জাতীয় দৈনিক আমার সকাল টিম।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর