নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে আগুন জ্বালানোর অপচেষ্টা চালানো হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হওয়া দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁদের একজন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক এবং অন্যজন তাঁর সহযোগী নির্জন।
ঘটনার সময় তাঁদের আরও এক সহচর উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে উপস্থিত ওই তিনজনের মধ্যে আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত প্রক্টরিয়াল বডির সদস্যরা তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে আটককৃত দুজনকে নিজেদের হেফাজতে নেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাঁদের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর