নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
আইনি প্রক্রিয়া ও নির্ধারিত প্রবিধান না মেনে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডি পুনর্গঠন করার ঘটনায় বড় ধাক্কা এসেছে। হাইকোর্ট এই কলেজ পরিচালনার জন্য গঠিত নতুন কমিটি চার মাসের জন্য স্থগিত ঘোষণা করে একই সঙ্গে রুল জারি করেছেন।
রিট আবেদনে বলা হয়েছে, বর্তমান গভর্নিং বডির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বৈধভাবে বহাল রয়েছে। এর মধ্যেই কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা ছাড়াই হঠাৎ করে কমিটি পুনর্গঠন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
আইন অনুযায়ী গভর্নিং বডিতে সরকার, বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একজন করে প্রতিনিধি রাখার স্পষ্ট বিধান রয়েছে। অথচ সম্প্রতি জারিকৃত প্রজ্ঞাপনে এই নিয়ম লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। অপরদিকে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
আদেশ জারির পর আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন গণমাধ্যমকে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার কারণে বিতর্কিত লেখক ডা. এএসএম বদরুদ্দোজাকে কমিটিতে রাখা হয়েছিল। আদালত তার মনোনয়ন চার মাসের জন্য স্থগিতের পাশাপাশি রুল জারি করেছেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর