ওয়াশিংটন ডিসি: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অস্থিরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কার্যকর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে বুধবার (১ এপ্রিল) আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য কারিগরি ও কৌশলগত সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বৈঠকে জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত এবং এই কঠিন সময়ে পাশে থাকার ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
উভয় দেশ দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা এবং নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর একমত পোষণ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বৃদ্ধি এবং প্রযুক্তিগত বিনিময়কেও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর