ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে: সার্জিও গোর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে: সার্জিও গোর ছবির ক্যাপশন: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে: সার্জিও গোর
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।


সাক্ষাৎকালে সার্জিও গোর প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে। এই পরিস্থিতির আলোকে যুক্তরাষ্ট্র এরইমধ্যে বাংলাদেশের জন্য তাদের ট্রাভেল অ্যাডভাইজরিতে (ভ্রমণ নির্দেশিকা) ইতিবাচক সংশোধন এনেছে। এটি মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। আগামী মাসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেয়া হয়। মার্কিন বিশেষ দূত বাংলাদেশে এফডিএ-র পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে মার্কিন বিনিয়োগ জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

জবাবে বিশেষ দূত জানান, ডিএফসির মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনার প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হওয়ার ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের। পাশাপাশি মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই ঢাকায় একটি ‘ইউএস ইনভেস্টর সামিট’ আয়োজনে আগ্রহী এবং তিনি নিজেই এ নিয়ে কাজ করছেন বলে জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে সার্জিও গোর লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া ও মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের প্রশংসা করেন।

প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রোহিঙ্গা মানবিক সহায়তার অর্ধেকেরও বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। এ সহায়তার জন্য তিনি মার্কিন সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আসিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন বিশেষ দূত।

উচ্চপর্যায়ের এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স