চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কেবল সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা ও দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
রোববার (৩ মে) নগরীর ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি, ২৬ নম্বর পশ্চিম মাদারবাড়ি এবং ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে মেয়র এসব কথা বলেন।
পরিদর্শনকালে নালা-নর্দমার বর্তমান অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে মেয়র বলেন, নালা পরিষ্কার করার পরও যদি যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা হয়, তাহলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্নতাকর্মীরা নিরলস পরিশ্রম করলেও জনগণের সহযোগিতা ছাড়া এই প্রচেষ্টা সফল হবে না বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক বৃষ্টিতে আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া-সহ আশপাশের এলাকায় পানি জমে জনভোগান্তির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেন মেয়র। তিনি জানান, গুলজারখাল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট নির্মাণকাজের জন্য অস্থায়ী বাঁধ দেওয়ায় সাময়িকভাবে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী-এর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্লুইস গেট নির্মাণ সম্পন্ন হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।
চসিক মেয়র জানান, নগরীর গুরুত্বপূর্ণ হিজড়া খাল ও জামালখান খাল-এর সংস্কারকাজ পুরোদমে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বছরের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ জলাবদ্ধতা নিরসনে সফলতা এসেছে। চলমান খাল সংস্কার ও ড্রেনেজ উন্নয়নকাজ শেষ হলে নগরবাসী এর পূর্ণ সুফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিচ্ছন্ন নগর গড়ে তোলাকে ‘সামাজিক দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে মেয়র স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নিজ নিজ বাড়ির আঙিনা ও পাশের নালা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এই সংস্কৃতি গণআন্দোলনে পরিণত হলে চট্টগ্রামসহ দেশের সব শহর আরও বাসযোগ্য হয়ে উঠবে।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর