নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত প্রাইভেট পড়ানোর কার্যক্রমে যুক্ত আছেন।
সকাল এবং বিকালের নির্দিষ্ট সময়ের পাশাপাশি বিদ্যালয়ের টিফিনের বিরতিকালে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১টা ৫৭ মিনিটে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযোগের বিবরণ অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত টিফিনের বিরতি শুরু হয় দুপুর ১টায় এবং তা চলে ১টা ৫০ মিনিট পর্যন্ত। বিরতির নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর দুপুর ২টার দিকেও বিদ্যালয়ের অফিসকক্ষে কোনো শিক্ষককে উপস্থিত পাওয়া যায়নি।
ঠিক ওই একই সময়ে বিদ্যালয়ের খুব কাছেই অবস্থিত একটি ভাড়া বাসায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন। বিদ্যালয়ের চলাকালীন সময়ে বা বিরতিতে শিক্ষার্থীদের বাইরে নিয়ে গিয়ে পড়ানোর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর