নিজস্ব প্রতিবেদক মুক্ত কণ্ঠস্বর
গর্ভে থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের বেশ আগেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত ১২ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় শিশু ধ্রুব নীল কাব্য। মাত্র সাড়ে ছয় মাস বা ২৭ সপ্তাহে জন্ম নেওয়া এই নবজাতকের তখন ওজন ছিল মাত্র ৯২০ গ্রাম। মায়ের প্লাসেন্টা প্রিভিয়া জটিলতার কারণেই সময়ের আগে তাকে বের করে আনতে বাধ্য হন চিকিৎসকেরা।
চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় নির্ধারিত সময়ের এত আগে জন্ম নেওয়া নবজাতকদের ‘এক্সট্রিম প্রিম্যাচিউর বেবি’ হিসেবে অভিহিত করা হয়। এ ধরনের শিশুদের জন্মলগ্নে শরীরের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গই পূর্ণাঙ্গভাবে বিকশিত হয় না।
এর ফলে তাদের বেঁচে থাকা, সুস্থতা লাভ এবং স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠার প্রতিটি পদক্ষেপে থাকে মারাত্মক সব চ্যালেঞ্জ। অস্ত্রোপচারের পর চিকিৎসক পরিবারটিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এত ক্ষুদ্র একটি শিশুর জীবন নিয়ে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
চিকিৎসকেরা সতর্ক করে বলেছিলেন যে যেকোনো মুহূর্তে ছোট্ট এই শরীরে মারাত্মক সংক্রমণ বাসা বাঁধতে পারে এবং রোগ প্রতিরোধক্ষমতা অত্যন্ত কম থাকায় সেই ধকল সামলানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। তাই সবকিছুর জন্য আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।
অস্ত্রোপচারকক্ষ থেকে নবজাতককে এনআইসিইউয়ে স্থানান্তরের পর পরিবারটি জানতে পারে যে ঠিক একই রকম পরিস্থিতিতে জন্ম নেওয়া বেশ কিছু শিশু মাত্র কয়েক দিনের ব্যবধানে মারা গেছে। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার সৌভাগ্য হয়েছিল কেবল হাতে গোনা কয়েকজন শিশুর।
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অন্যান্য অপরিণত নবজাতকদের অভিভাবকদের বুকফাটা কান্নার দৃশ্য অত্যন্ত কাছ থেকে দেখেছেন শিশুটির বাবা-মা। হাসপাতালের পেছনে লাখ লাখ টাকা খরচ করেও অনেক অভিভাবককে শেষ পর্যন্ত কোলজুড়ে সন্তানের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে, যা তাদের মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তুলেছিল।
হাসপাতালের এনআইসিইউয়ে চিকিৎসাধীন সন্তানকে রেখে প্রতিটি দিন ও রাত কেটেছে চরম উৎকণ্ঠা এবং নিদ্রাহীনতায়। সারাক্ষণ এক ধরনের অদৃশ্য আতঙ্ক তাড়া করে বেড়াত যে কখন আবার নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কোনো ফোন আসে।
ফোনের রিং বাজলেই মা-বাবার বুক কেঁপে উঠত এই আশঙ্কায় যে না জানি ওপাশ থেকে কোনো খারাপ খবর শুনতে হয়। এই দীর্ঘ অনিশ্চয়তা, ভয় আর প্রতিকূলতার মধ্য দিয়ে টানা ৫৭ দিনের লড়াই শেষে গত ৮ নভেম্বর তাদের সন্তান বাবুকে নিয়ে নিজ বাসায় ফেরেন তারা।
যদিও হাসপাতাল থেকে বাড়ি ফেরা হয়েছে, তবুও স্বস্তি পাওয়ার উপায় নেই বললেই চলে। বর্তমানে ছোট্ট কাব্যকে নিয়মিতভাবে শিশুবিশেষজ্ঞ এবং চোখের চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বা ফলোআপে রাখতে হচ্ছে, যা আগামীতেও দীর্ঘদিন চালিয়ে যেতে হবে।
জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর